নগদ টাকায় ফোন কিনেও এমডিএম লক, ওয়ারেন্টি সেবা না দেওয়ার অভিযোগ

নগদ টাকায় ফোন কিনেও এমডিএম লক, ওয়ারেন্টি সেবা না দেওয়ার অভিযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১০, ২৬ নভেম্বর ২০২৬

নগদ টাকায় স্মার্টফোন কিনেও সেটিতে হঠাৎ এমডিএম (MDM) লক দেখা দেওয়ার পর ওয়ারেন্টি সেবা না পাওয়ার অভিযোগ করেছেন এক গ্রাহক। তাঁর দাবি, ফোনটি এখনো ওয়ারেন্টির আওতায় থাকলেও সমস্যা সমাধানের জন্য বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে গেলে কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি।

ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ, যমুনা ফিউচার পার্কের মোবাইল দুনিয়া থেকে ফোনটি কেনার পর স্বাভাবিকভাবেই ব্যবহার করছিলেন তিনি। একপর্যায়ে ফোনটি হঠাৎ রিস্টার্ট নেয়। এরপর সব অ্যাপের আইকন সাদা হয়ে যায় এবং কোনো অ্যাপেই প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। প্রায় দুই দিন এ অবস্থা চলার পর ফোনটি আবার রিস্টার্ট নেয় এবং স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্টরি রিসেট হয়ে যায়।

পরে ফোনটি চালু করে সেটআপের সময় সাইন-ইন করতে গেলে পর্দায় ‘Please Sign in Using one of the owner’s accounts for this device’ বার্তা দেখা যায়। গ্রাহকের দাবি, ফোনে সর্বশেষ ব্যবহৃত ই-মেইল অ্যাকাউন্ট দিয়েও আর সাইন-ইন করা যাচ্ছে না। ফলে ফোনটি কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

এমডিএম লক নিয়ে প্রশ্ন
গ্রাহকের ভাষ্য, অনলাইনে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, এমডিএম বা মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট প্রযুক্তি সাধারণত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণে থাকা ডিভাইস ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। কিছু ক্ষেত্রে কিস্তি বা ইএমআইতে কেনা ফোনেও এ ধরনের নিয়ন্ত্রণ থাকতে পারে।

তবে ওই গ্রাহকের দাবি, তিনি ফোনটি কিস্তিতে নয়, সম্পূর্ণ নগদ অর্থে কিনেছেন। ফলে তাঁর কেনা ফোনে কেন এ ধরনের লক দেখা দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ওয়ারেন্টি সেবা না পাওয়ার অভিযোগ
ফোনের সমস্যার কারণ জানতে এবং ওয়ারেন্টির আওতায় সমাধান পেতে তিনি যমুনা ফিউচার পার্কের মোবাইল দুনিয়ার দোকানে যান। কিন্তু তাঁর অভিযোগ, দোকান কর্তৃপক্ষ সমস্যাটির দায় স্বীকার করেনি এবং ফোনটি সচল করার বিষয়ে কার্যকর সহযোগিতাও দেয়নি।

ফোনটি এখনো ওয়ারেন্টির আওতায় থাকা সত্ত্বেও ব্যবহার করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন ওই গ্রাহক। তিনি ফোনটির সমস্যার প্রকৃত কারণ নির্ণয়, ডিভাইসটি সচল করা এবং ওয়ারেন্টির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোবাইল দুনিয়া কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদের পরবর্তী সংস্করণে যুক্ত করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement