মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর মুকুট জিতলেন ওয়াফিয়া সাদিকা

মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর মুকুট জিতলেন ওয়াফিয়া সাদিকা

হ্নদয় খান

Published : ০২:১৮, ১৩ জুলাই ২০২৬

প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে উদযাপন করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় সবার সেরা হয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছেন ওয়াফিয়া সাদিকা। প্রথম রানার্সআপ হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুই।

রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায় শুরুতে অংশ নেন ৩০ জন প্রতিযোগী। একাধিক ধাপের বাছাই শেষে ১৫ জন দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন। পরে সেরা ৮ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।

র‌্যাম্প ওয়ার্ক, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, পারফরম্যান্স এবং সামগ্রিক উপস্থাপনার ভিত্তিতে বিচারকরা বিজয়ীদের নির্বাচন করেন।

অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান, অভিনেত্রী আচল আঁখি, জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। অনুষ্ঠানে বিশেষ স্টেজ পারফরম্যান্স পরিবেশন করেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান।

স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তার ভাষায়, সৌন্দর্য শুধু বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয়; আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং যোগ্যতাই একজন মানুষের প্রকৃত পরিচয়।

আয়োজকদের মতে, ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও সম্ভাবনাকে তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান মুখকে সামনে আনার পরিকল্পনার কথা জানান তারা।

তারকাদের উপস্থিতি, প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে।
 

শেয়ার করুনঃ
Advertisement