এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা
Published : ২০:০১, ২৬ জুন ২০২৬
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে রেখেছেন। সৌন্দর্য, অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বের জন্য বরাবরই প্রশংসিত এই অভিনেত্রী সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে ভালোবাসেন।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যতিক্রমী ও আবেগঘন ভিডিও শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘এই সেই আমার বান্ধবীরা’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
ভিডিওতে দেখা যায়, খোলামেলা সবুজ পরিবেশে দাঁড়িয়ে রয়েছেন পূর্ণিমা। তার পরনে ছিল কমলা-কালো রঙের সুতি শাড়ি, চোখে কালো সানগ্লাস এবং গলায় আকর্ষণীয় গহনা। একে একে কয়েকজন নারী এসে তার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। তাদের পরনে ছিল গ্রামীণ ঐতিহ্যের সাধারণ শাড়ি ও সালোয়ার-কামিজ।
একপর্যায়ে বান্ধবীদের সঙ্গে হাসি-আড্ডা ও খুনসুটিতে মেতে ওঠেন অভিনেত্রী। একজনকে স্নেহভরে জড়িয়ে ধরার মুহূর্তটি বিশেষভাবে নজর কাড়ে। পূর্ণিমার আন্তরিকতা ও সহজ-সরল আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
ভিডিওটি প্রকাশের পর ভক্তরা মন্তব্যে তার বিনয়ী ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার মানসিকতার প্রশংসা করছেন। অনেকেই বলছেন, তারকাখ্যাতির বাইরেও পূর্ণিমার এই মানবিক দিকই তাকে দর্শকদের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।































