হুইলচেয়ারে জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক, ভক্তদের মনে উদ্বেগ

হুইলচেয়ারে জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক, ভক্তদের মনে উদ্বেগ হুইলচেয়ারে করে পদ্মভূষণ সম্মাননা নিতে উপস্থিত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক । ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৬, ২৫ জুন ২০২৬

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী অলকা ইয়াগনিক-কে হুইলচেয়ারে দেখা যাওয়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তাকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য অন্যের সহায়তা নিতে হচ্ছে।

গত ২৩ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা  ‘পদ্মভূষণ’

গ্রহণ করেন অলকা ইয়াগনিক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এর হাত থেকে সম্মাননা গ্রহণের পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অলকা জানান, গত দুই বছর ধরে তিনি একটি জটিল শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন। এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন তাকে সাহস ও শক্তি জুগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‘পদ্মভূষণ’ সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অলকা ইয়াগনিক বলেন, এই অর্জন শুধু তার একার নয়, বরং তার অসংখ্য শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদেরও। তিনি জানান, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পথে রয়েছেন এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে অলকা ইয়াগনিক প্রকাশ করেন যে, একটি বিমানযাত্রার পর হঠাৎ করেই তিনি শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। পরবর্তীতে চিকিৎসকেরা তার শরীরে একটি বিরল শ্রবণজনিত রোগ শনাক্ত করেন। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসাধীন রয়েছেন এবং সংগীতাঙ্গনের কার্যক্রম থেকেও অনেকটাই দূরে আছেন।

চার দশকেরও বেশি সময় ধরে কোটি মানুষের হৃদয় জয় করে আসা এই জনপ্রিয় শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

শেয়ার করুনঃ
Advertisement