ট্যাক্স-সংক্রান্ত অনিয়মে ‘ঘরের বাজার’-কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা, পণ্যের মান নিয়েও অনলাইনে আলোচনা

ট্যাক্স-সংক্রান্ত অনিয়মে ‘ঘরের বাজার’-কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা, পণ্যের মান নিয়েও অনলাইনে আলোচনা

Published : ২৩:৫৯, ৬ জুলাই ২০২৬

জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ঘরের বাজার-এর বিরুদ্ধে কর-সংক্রান্ত অনিয়মের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ ও ২০২৪–২৫ অর্থবছরে আয়কর সংক্রান্ত অনিয়মের কারণে প্রচলিত আয়কর আইনের ১৪৭ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, কর-সংক্রান্ত বিষয় ছাড়াও প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও অভিযোগ দেখা গেছে। কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, কিছু পণ্য ‘অর্গানিক’, ‘খাঁটি’ বা ‘প্রাকৃতিক’ হিসেবে প্রচার করা হলেও সেসব দাবির যথার্থতা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। এছাড়া কয়েকজন ভোক্তা নির্দিষ্ট কিছু পণ্যের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুস সাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে সাড়া দেননি। পরবর্তীতে খুদে বার্তায় তিনি জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানের লিগ্যাল টিমের সঙ্গে অফিসিয়াল ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

একই বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামশেদ মজুমদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ই-কমার্স খাতে ভোক্তাদের আস্থা বজায় রাখতে কর আইন যথাযথভাবে অনুসরণ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, বিজ্ঞাপনে সঠিক তথ্য উপস্থাপন এবং ভোক্তা অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ নিষ্পত্তি গুরুত্বপূর্ণ।

শেয়ার করুনঃ
Advertisement