মৃত ঘোষণার ১৫ দিন পর রবিউলের নাটকীয় প্রত্যাবর্তন

মৃত ঘোষণার ১৫ দিন পর রবিউলের নাটকীয় প্রত্যাবর্তন

TheBusinessDaily

Published : ০৭:০৭, ২৪ আগস্ট ২০২৫

সিলেটের ওসমানীনগরে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। রবিউল ইসলাম (১৪) নামে এক কিশোরকে মৃত ভেবে পরিবার দাফন করে ফেলেছিল। এমনকি তার মা বাদী হয়ে হত্যা মামলা পর্যন্ত দায়ের করেন। কিন্তু সবাইকে বিস্মিত করে ১৫ দিন পর জীবিত অবস্থায় বাড়ি ফিরেছে রবিউল।

ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে রবিউল স্থানীয় একটি হোটেলে কাজ করত। ২৬ জুলাই হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকা থেকে পুলিশ অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করে। পরিবার লাশটিকে রবিউলের বলে শনাক্ত করে এবং ৬ আগস্ট দাফন সম্পন্ন করে।

পরে রবিউলের মা পারুল বেগম থানায় মামলা করেন। মামলায় এক রেস্তোরাঁ মালিকসহ কয়েকজনকে আসামি করা হয়। কিন্তু তদন্তের মধ্যে পরিবারের লোকজন হবিগঞ্জের নবীগঞ্জে রবিউলকে জীবিত খুঁজে পান। শুক্রবার তাকে থানায় নিয়ে আসা হয়।

শনিবার আদালতে জবানবন্দি দিয়ে রবিউল জানায়, সে আসলে নিখোঁজ হয়নি; নিজে থেকেই আগের কাজ ছেড়ে অন্য জায়গায় কাজ শুরু করেছিল। নবীগঞ্জে থাকাকালেই পরিবার তাকে খুঁজে পায়। আদালতের নির্দেশে রবিউলকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, যাকে রবিউল ভেবে দাফন করা হয়েছিল, সেই অজ্ঞাত লাশটির পরিচয় এখনো অজ্ঞাত। পরিচয় শনাক্ত হলে আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement