বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে হাজার টাকা ট্যাক্স নেওয়ার প্রস্তাব: এমপি সেলিম
Published : ২০:৪৭, ২৭ জুন ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা সরকারি কর আরোপের প্রস্তাব দিয়েছেন। তার মতে, সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
শাহাদাত হোসেন বলেন, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে বিত্তবৈভবের অপ্রয়োজনীয় প্রদর্শনের কারণে বিপুল পরিমাণ অর্থ ও খাদ্যের অপচয় হয়।
তিনি বলেন, বর্তমানে গায়ে হলুদের মতো অনুষ্ঠানে নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। এসব আয়োজনের পেছনে বিপুল অর্থ ব্যয় হয়। এছাড়া বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং পরিবেশিত খাবারের বড় একটি অংশ অপচয় হয়।
তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে নির্ধারিত সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রস্তাব করেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা সরকারি কর নির্ধারণ করা হোক।
বিএনপির এই সংসদ সদস্যের দাবি, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় এবং বিলাসী প্রদর্শন কমানো গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপ কমবে, যার ফলে এসব পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।































