নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ
Published : ২০:৪৫, ২৫ জুন ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সদ্যপ্রয়াত নৃত্য পরিচালক জাকির হোসেন-এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়া ‘আরমান-মুক্তি পরিষদ’ এ আয়োজন করে।
দোয়া মাহফিলে ওমর সানী-সহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা, শিল্পী, কলাকুশলী এবং মরহুমের দীর্ঘদিনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাকির হোসেনের কর্মময় জীবন ও চলচ্চিত্রে তার অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়। এ সময় শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, জাকির হোসেন ছিলেন অত্যন্ত গুণী, বিনয়ী ও নিবেদিতপ্রাণ একজন মানুষ। চলচ্চিত্রের তারকাদের নৃত্য পরিবেশনকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার মৃত্যু চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।
স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত ২৩ জুন রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হলো আরমান ও রুমানা ইসলাম মুক্তি-র নেতৃত্বাধীন ‘আরমান-মুক্তি প্যানেল’।































