চরিত্র নির্মাণের নেপথ্যের শিল্পী ফারজানা এ্যানি, লুক ডিজাইনে গড়ছেন নতুন মানদণ্ড

চরিত্র নির্মাণের নেপথ্যের শিল্পী ফারজানা এ্যানি, লুক ডিজাইনে গড়ছেন নতুন মানদণ্ড

হ্নদয় খান

Published : ০২:৪৭, ১৩ জুলাই ২০২৬

একটি চরিত্রকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার পেছনে শুধু অভিনয় নয়, সমান গুরুত্বপূর্ণ তার পোশাক, মেকআপ, চুলের বিন্যাস, রঙের ব্যবহার এবং সামগ্রিক ভিজ্যুয়াল উপস্থাপনা। এই শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে নীরবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল কস্টিউম ও লুক ডিজাইনার ফারজানা এ্যানি।

দেশের চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টে ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে লুক ডিজাইনও হয়ে উঠেছে চরিত্র নির্মাণের অন্যতম প্রধান উপাদান। সাম্প্রতিক বছরগুলোতে মুক্তিপ্রাপ্ত একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে তাঁর সৃজনশীল কাজ দর্শক ও নির্মাতাদের নজর কেড়েছে।

বিশেষ করে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ মেহজাবীন চৌধুরী, আরেফিন জিলানী এবং প্রীতমের চরিত্রের জন্য তাঁর তৈরি স্বতন্ত্র লুক ব্যাপক প্রশংসা পেয়েছে। গথিক নান্দনিকতা, ডার্ক কালার প্যালেট, সমসাময়িক কে-পপ স্টাইল এবং আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তিনি প্রতিটি চরিত্রকে দিয়েছেন আলাদা ভিজ্যুয়াল পরিচয়।

ফারজানা এ্যানির মতে, একজন লুক ডিজাইনারের দায়িত্ব কেবল একজন শিল্পীকে আকর্ষণীয় করে তোলা নয়; বরং চরিত্রের ব্যক্তিত্ব, মানসিক অবস্থা এবং জীবনধারাকে দৃশ্যমান করে তোলা। সে লক্ষ্যেই প্রতিটি চরিত্রের জন্য তৈরি করা হয় আলাদা গবেষণাভিত্তিক মুড বোর্ড, কস্টিউম পরিকল্পনা এবং ভিজ্যুয়াল কনসেপ্ট।

তিনি জানান, বাস্তবের পোশাক ও ক্যামেরায় তার উপস্থাপনার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকে। তাই পরিচালক, সিনেমাটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট এবং কস্টিউম টিমের সঙ্গে সমন্বয় করেই প্রতিটি চরিত্রের চূড়ান্ত লুক নির্ধারণ করা হয়।

নিজের সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে ফারজানা এ্যানি চরকি অ্যাওয়ার্ডস-এ মাইশেলফ এ্যালেন স্বপন ও ওভারট্রাম্প  সিরিজের জন্য ক্রিটিকস চয়েজ ক্যাটাগরিতে সেরা কস্টিউম ডিজাইনার বিভাগে মনোনয়ন অর্জন করেন। পাশাপাশি বাইফা (BIFA) অ্যাওয়ার্ডস ২০২৫ -এ বেস্ট কস্টিউম ডিজাইনার সম্মাননা লাভ করেন।  

ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করেন, ফ্যাশনের সবচেয়ে বড় শক্তি হলো স্বকীয়তা। তাই প্রতিটি নতুন প্রজেক্টে আন্তর্জাতিক মানের গবেষণা, নতুন টেক্সচার, নতুন স্টাইল এবং আধুনিক ভিজ্যুয়াল ভাষা নিয়ে কাজ করার চেষ্টা করেন।

বাংলাদেশে কস্টিউম ও লুক ডিজাইনের যে নতুন ধারা তৈরি হচ্ছে, তার অন্যতম কারিগর ফারজানা এ্যানি। ক্যামেরার সামনে দর্শক যে চরিত্রে মুগ্ধ হন, তার নেপথ্যে থাকে তাঁর মতো সৃজনশীল শিল্পীদের সূক্ষ্ম পরিকল্পনা, নান্দনিকতা এবং শিল্পচিন্তার অসাধারণ মেলবন্ধন।

 
শেয়ার করুনঃ
Advertisement