টাইগার শ্রফের ওপর গুলির ঘটনায় উদ্বিগ্ন দিশা পাটানি, ছুটে গেলেন অভিনেতার বাড়িতে
Published : ১৯:২৯, ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিনেতার বাড়িতে যান তাঁর সাবেক প্রেমিকা দিশা পাটানি।
রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কের একটি ক্লাবে ফুটবল খেলে গাড়িতে ফেরার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা তিন বন্দুকধারী অভিনেতার গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাইগারের গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন। গাড়িচালক গুলিবিদ্ধ হওয়ার পর অভিনেতা নিজেই গাড়ির স্টিয়ারিং ধরেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যে টাইগারের বাড়িতে পৌঁছান দিশা পাটানি। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে উদ্বিগ্ন অবস্থায় দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় সামনে থাকা সাংবাদিক ও ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করেন তিনি।
কাজের সূত্র ধরে টাইগার ও দিশার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। একসময় তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছড়ায়। তবে দুজনের কেউই কখনো প্রকাশ্যে তাঁদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি।

































