১৩২ বল খেলে শূন্য রান, তবু নায়ক অস্ট্রেলিয়ার ম্যাক্স ফিল্ড!

১৩২ বল খেলে শূন্য রান, তবু নায়ক অস্ট্রেলিয়ার ম্যাক্স ফিল্ড! ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৯:১১, ১৯ অক্টোবর ২০২৬

খেলেছেন ১৩২ বল। চার-ছক্কা তো দূরের কথা, নেননি একটি সিঙ্গেলও। ব্যাটিংয়ের খাতায় রান শূন্য হলেও দলের জন্য তাঁর অবদান ছিল অমূল্য। এমন ধৈর্যশীল ইনিংস খেলেই প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাক্স ফিল্ড।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে সম্প্রতি অনুষ্ঠিত দুই দিনের জেলা ক্রিকেটের দ্বিতীয় গ্রেডের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস। ম্যাচের শেষ দিকে দলের বিপদ সামাল দিতে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব নেন ইস্টার্নের ওপেনার ফিল্ড।

প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল দ্রুত উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা। কিন্তু একের পর এক আক্রমণ সামলে উইকেট আগলে রাখেন ফিল্ড। ১৩২ বল মোকাবিলা করেও কোনো রান না করে অপরাজিত থাকেন তিনি। তাঁর এই অবিচল ব্যাটিংয়ে হতাশ হতে হয় প্রতিপক্ষের বোলারদের।

প্রশ্ন উঠতে পারে, এক রানও না করে কীভাবে এমন ইনিংস প্রশংসা কুড়ায়? উত্তরটা লুকিয়ে আছে ম্যাচের ফলাফলে। ফিল্ডের অসাধারণ ধৈর্য ও উইকেট ধরে রাখার কৌশলেই শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি।

এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল নর্দার্ন সাবআর্বস। জবাবে ইস্টার্ন সাবআর্বস ২০৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফিল্ডের প্রতিরোধে ৪৬ ওভারে ৬৬ রান সংগ্রহ করে ইস্টার্ন। এরপর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন।

ম্যাক্স ফিল্ডের এই শূন্য রানের ইনিংস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁকে অনেকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ বলে অভিহিত করছেন। ক্রিকেটে সব সময় রান করাই যে ব্যাটারের একমাত্র দায়িত্ব নয়, বরং দলের প্রয়োজনে উইকেট আগলে রাখাও যে সমান গুরুত্বপূর্ণ—ফিল্ডের এই ইনিংস যেন তারই এক অনন্য উদাহরণ।

শেয়ার করুনঃ
Advertisement