তিন কোটি টাকার কম বাজেটে ১০০ কোটির ক্লাবে ‘প্রেমাদা ওরালি’

তিন কোটি টাকার কম বাজেটে ১০০ কোটির ক্লাবে ‘প্রেমাদা ওরালি’ ‘প্রেমাদা ওরালি’র দশ্যে শ্রীরাম ও তাপসী পুনাচা। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:৪৪, ২৫ অক্টোবর ২০২৬

স্বল্প বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। মাত্র তিন কোটি রুপির কম বাজেটে তৈরি ছবিটি মুক্তির ২৮ দিনের মাথায় ভারতের বাজারে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। শুরুতে ধীরগতিতে এগোলেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও মুখে মুখে প্রচারের সুবাদে সিনেমাটি এখন ব্লকবাস্টার হিসেবে আলোচনায়।

বক্স অফিসের হিসাব প্রকাশকারী পিঙ্কভিলার তথ্য অনুযায়ী, চতুর্থ সপ্তাহ শেষে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১০১ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে চতুর্থ সপ্তাহেই এসেছে ২৮ কোটি ৫০ লাখ রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছিল ১০ লাখ রুপিরও কম। সেখান থেকে মাত্র ২৮ দিনে শতকোটির মাইলফলক ছোঁয়া কন্নড় চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবিটির আয়ের সিংহভাগ এসেছে কর্ণাটক থেকে। ২৮ দিন শেষে রাজ্যটিতে এর আয় প্রায় ৯৯ কোটি ৭৫ লাখ রুপি। পিঙ্কভিলার পূর্বাভাস অনুযায়ী, পঞ্চম সপ্তাহের শুক্রবারেই কর্ণাটকে ছবিটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। বর্তমান ধারা বজায় থাকলে ভারতের বাজারে মোট আয় ১২৫ কোটি রুপিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তা হলে কর্ণাটকে সর্বোচ্চ আয় করা কন্নড় সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে আসতে পারে ছবিটি। এ তালিকায় এর আগে রয়েছে ‘কান্তারা চ্যাপ্টার ১’, ‘কান্তারা’ ও ‘কেজিএফ চ্যাপ্টার ২’। নিউজ কর্ণাটকের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ২৯ দিনে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ১১৪ কোটি রুপি ছাড়িয়েছে।

পিঙ্কভিলার হিসাব অনুসারে, প্রথম সপ্তাহে ছবিটি ভারতের বাজারে আয় করেছিল ৬ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে এবং তৃতীয় সপ্তাহে আসে ৩৯ কোটি রুপি। মুক্তির ২২তম থেকে ২৯তম দিন পর্যন্ত আট দিনে ছবিটির আয় হয়েছে ৩০ কোটি ৫০ লাখ রুপি। এ সময় দৈনিক গড় আয় ছিল প্রায় ৩ কোটি ৮১ লাখ রুপি। তবে ২৯তম দিনে দৈনিক আয় কমে আনুমানিক ২ কোটি রুপিতে নেমে আসে।

ছবিটির সাফল্যের পেছনে রয়েছে নির্মাতাদের সংগ্রামের গল্পও। নির্মাণের সময় তীব্র আর্থিক সংকটে পড়েছিলেন পরিচালক মনোজ কুমার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সিনেমার কাজ শেষ করতে নিজের মূল্যবান জিনিসপত্র বন্ধক দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। বড় বাজেটের ছবির মতো প্রচার চালানোর সামর্থ্য না থাকায় নির্মাতারা বেছে নেন ব্যতিক্রমী কৌশল। অভিনয়শিল্পী ও কলাকুশলীরা রাস্তায় নেমে প্রচারপত্র ও আমন্ত্রণপত্র বিলি করেন। এমনকি গণপরিবহনের বাসে বাসে যাত্রীদের সঙ্গে কথা বলে সিনেমাটি দেখার আহ্বান জানান তাঁরা। পরে দর্শকদের মুখে মুখে ছবির খবর ছড়িয়ে পড়লে বাড়তে থাকে প্রদর্শনীর সংখ্যা ও আয়। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি প্রদর্শিত হয়েছিল মাত্র ৬০টি প্রেক্ষাগৃহে।

গ্রামীণ পটভূমিতে প্রেম, পারিবারিক সম্পর্ক, দাম্পত্যের টানাপোড়েন ও নারীর অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেমাদা ওরালি’। গল্পের কেন্দ্রে রয়েছেন কৃষক নাগান্না ও তাঁর ছেলে শান্তু। স্ত্রীকে হারানোর পর একাই ছেলেকে বড় করেন নাগান্না। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা চান, শিক্ষিত এক তরুণীর সঙ্গে তার বিয়ে হোক। কিন্তু শান্তুর প্রতি দুর্বলতা রয়েছে তার আত্মীয় বসন্তার। বাবার পছন্দে রুক্মিণীকে বিয়ে করার পর শান্তুর দাম্পত্য জীবনে তৈরি হয় নানা জটিলতা।

মনোজ কুমার পরিচালিত সিনেমাটিতে নাগান্না চরিত্রে অভিনয় করেছেন রঙ্গায়না রঘু, শান্তু চরিত্রে শ্রী রাম, রুক্মিণী চরিত্রে তাপস্বিনী পুনাচ্চা এবং বসন্তা চরিত্রে রামিকা শিবু।

‘প্রেমাদা ওরালি’র সাফল্য নজর কেড়েছে কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখদেরও। ‘কেজিএফ’ তারকা যশ এবং ‘কান্তারা’র অভিনেতা-পরিচালক ঋষভ শেঠি গল্পনির্ভর এমন সিনেমার পাশে দাঁড়ানোর জন্য দর্শকদের প্রশংসা করেছেন। সাম্প্রতিক সময়ে ‘টক্সিক’ ছবির বাণিজ্যিক ব্যর্থতা নিয়ে আলোচনার মধ্যেও ‘প্রেমাদা ওরালি’র সাফল্য বিশেষ গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া কর্ণাটকে ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার দৌড়েও রয়েছে ছবিটি। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর আয়কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নিউজ কর্ণাটকের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী ১১৪ কোটি রুপির যে আয়ের হিসাব সামনে এসেছে, তা মোট বক্স অফিস আয় বা গ্রস কালেকশন; এটি নির্মাতাদের নিট আয় কিংবা মুনাফা নয়। প্রেক্ষাগৃহের অংশ ও পরিবেশনা-সংক্রান্ত খরচ বাদ দিলে নির্মাতাদের হাতে থাকা অর্থের পরিমাণ কম হবে। তা সত্ত্বেও সীমিত প্রদর্শনী, স্বল্প বাজেট ও প্রচারের নানা বাধা পেরিয়ে ‘প্রেমাদা ওরালি’র এই সাফল্য কন্নড় চলচ্চিত্রের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

শেয়ার করুনঃ
Advertisement