চীনে মিলল বৃহত্তম একক সোনার মজুত

চীনে মিলল বৃহত্তম একক সোনার মজুত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৭, ১৬ নভেম্বর ২০২৫

সোনার দাম যখন ইতিহাসের সর্বোচ্চ স্তরে, ঠিক সেই সময়ই চীন জানাল তাদের সবচেয়ে বড় একক সোনার মজুত আবিষ্কারের খবর।

দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে দাদোংগৌ এলাকায় পাওয়া এ মজুতটিতে রয়েছে ১ হাজার ৪৪৪ টন প্রমাণিত সোনা। ১৯৪৯ সালের পর চীনে এটি এত বড় পরিসরে পাওয়া প্রথম সোনার ভান্ডার।

আনাদোলু এজেন্সি জানায়, দাদোংগৌকে ‘সুপার-লার্জ ওপেন-পিট মাইন’ বা অত্যন্ত বৃহৎ উন্মুক্ত খনি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার বাজারমূল্য ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি বলে ধারণা করা হচ্ছে। মোট ২ দশমিক ৫৮৬ মিলিয়ন টন আকরিকের মধ্যে প্রতি টনে সোনার উপস্থিতি প্রায় ০ দশমিক ৫৬ গ্রাম।

সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপের প্রায় এক হাজার সদস্যের একটি দল মাত্র ১৫ মাসের মধ্যে পুরো অনুসন্ধান সফলভাবে শেষ করেছে। সোনার গ্রেড তুলনামূলক কম হলেও প্রকল্পটি ইতোমধ্যেই প্রাথমিক অর্থনৈতিক সম্ভাব্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

চীনে এমন আবিষ্কার এলো এমন সময়ে, যখন দেশটিতে সোনার চাহিদা দ্রুত বাড়ছে। দুর্বল ডলার, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ বৈচিত্র্যকরণের উদ্যোগ—এসব মিলেই বিশ্ববাজারে সোনার দাম উর্ধ্বগতিতে রেখেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement