অবৈধ থাকার অভিযোগে মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেপ্তার
Published : ১২:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
মালয়েশিয়ার Terengganu রাজ্যে পরিচালিত এক বড় ধরনের অভিযানে ২২২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে Jabatan Imigresen Malaysia (জেআইএম)। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এই অভিযান টানা চলে বিকাল ৫টা পর্যন্ত।
এই অভিযানে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি)—সব মিলিয়ে মোট ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানান, অভিযান চলাকালে মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে ২২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ার নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তারদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে—ব্যক্তিগত পরিচয়পত্র বা বৈধ নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করা এবং ভিসার অপব্যবহার। এসব অপরাধ ইমিগ্রেশন আইন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) ধারার আওতায় পড়ে।
মোহাম্মদ ইউসরি আরও জানান, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের আওতায় মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন।
গ্রেপ্তার সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য Ajil Immigration Detention Depot, Kuala Berang-এ স্থানান্তর করা হয়েছে।
বিডি/এএন

































