যুক্তরাষ্ট্র ঘোষণা করলো মোজতবা খামেনির তথ্যের জন্য কোটি ডলার পুরস্কার
Published : ১৬:০১, ১৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ধরিয়ে দিতে সর্বোচ্চ এক কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলে তাদেরকেও পুরস্কার দেওয়া হবে।
শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস’ পরিচালিত ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’-এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
কর্মসূচির বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন শাখার নেতৃত্বে আছেন এবং তারা আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ব্যানারে ‘ইরানি সন্ত্রাসী নেতা’ হিসেবে তাদের তথ্য চেয়েছে। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পাশাপাশি তালিকায় আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম রয়েছে।
এতে অন্তর্ভুক্ত হয়েছেন—ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমায়েল খতিব, উপপ্রধান কর্মকর্তা সৈয়দ আলী আসগর হিজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ নেতৃত্ব কাঠামোর সদস্য এবং ওয়াশিংটনের অভিযোগ অনুযায়ী তারা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে যুক্ত।
তাদের অবস্থান বা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলে তথ্যদাতারা পুনর্বাসনের সুযোগ পেতে পারেন এবং আর্থিক পুরস্কারও পাবেন। তথ্যদাতারা নিরাপদ চ্যানেলের মাধ্যমে, যেমন এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্ক ব্যবহার করে, কর্মসূচির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এই কর্মসূচির আওতায় যোগ্য তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ এক কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার সুযোগ রয়েছে, যা এই প্রোগ্রামের মধ্যে ঘোষিত বড় পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। ওয়াশিংটনের মতে, এটি ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা নেটওয়ার্ক এবং আইআরজিসির ওপর চাপ বাড়ানোর একটি অংশ।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সূত্র: রয়টার্স।
বিডি/এএন






























