জামিনের দুই দিন পর আনিস আলমগীর মুক্তি পেলেন
Published : ১৬:৩২, ১৪ মার্চ ২০২৬
আদালত থেকে জামিন পাওয়ার মাত্র দুদিন পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।
শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন।
তিনি বলেন, শুক্রবার তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর যাচাই-বাছাই প্রক্রিয়ার পর শনিবার দুপুর আড়াইটার দিকে আনিস আলমগীরকে মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় তার স্ত্রী এবং অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে, ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়।
পরদিন উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পাঁচ দিন রিমান্ডে রাখা হয়। রিমান্ড শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন মঞ্জুর করে।
এর আগে, গত ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় তার বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
২৫ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন। উক্ত মামলায়ও আনিস আলমগীর পরে জামিন পান।
বিডি/এএন
































