ট্রাম্পের দলের আসন ছিনিয়ে নিলেন পেজ কোগনেটি
Published : ১২:৫৫, ৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বোটমস। দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। জর্জিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও ধনকুবের ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করে এ সাফল্য অর্জন করেন আটলান্টার সাবেক মেয়র বোটমস।
খবর বার্তা সংস্থা আলজাজিরা ও রয়টার্সের।
জর্জিয়ার জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে নির্বাচনে অংশ নিয়েছিলেন রিক জ্যাকসন। প্রচারণায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় করেন তিনি। বিপুল অর্থ ব্যয় করে নির্বাচনি মাঠে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করলেও শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী বোটমসের কাছে পরাজিত হন এই ধনকুবের ব্যবসায়ী।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বোটমসের বিজয়ে জর্জিয়ার বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচনের আগাম ভোটগ্রহণের সময় থেকেই কৃষ্ণাঙ্গ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁদের ব্যাপক অংশগ্রহণ বোটমসের নির্বাচনি সাফল্যে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
তবে নির্বাচনি প্রচারণার সময় রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের নানা সমালোচনার মুখে পড়তে হয় বোটমসকে। বিশেষ করে আটলান্টার মেয়র থাকাকালে শহরটিতে অপরাধের মাত্রা বেড়েছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল—এমন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রচার চালায় রিপাবলিকান শিবির।
এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বোটমস বলেন, আটলান্টাকে অত্যন্ত খারাপ শহর হিসেবে তুলে ধরার চেষ্টা নতুন কোনো কৌশল নয়; বরং বহু আগে থেকেই এ ধরনের প্রচারণা চলে আসছে।
বোটমসের এই বিজয়ের মধ্য দিয়ে জর্জিয়ায় টানা তৃতীয়বারের মতো গভর্নর পদে একজন কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দিল ডেমোক্র্যাটিক পার্টি। এর আগে ২০১৮ ও ২০২২ সালের গভর্নর নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন স্টেসি আব্রামস। তবে দুই নির্বাচনেই রিপাবলিকান প্রার্থী ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হন তিনি।
কেইশা ল্যান্স বোটমসের বিজয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব ও কৃষ্ণাঙ্গ নেতৃত্বের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।





























