প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, দলে নিল মেলবোর্ন রেনেগেডস

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, দলে নিল মেলবোর্ন রেনেগেডস মোস্তাফিজুর রহমান | ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৩:২৭, ৪ নভেম্বর ২০২৬

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এখনো খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন তিনি। মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

দলের অভিজ্ঞ পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়ায় তার বিকল্প হিসেবে মোস্তাফিজকে বেছে নিয়েছে রেনেগেডস। বাংলাদেশি এই পেসারের অন্তর্ভুক্তিতে দলের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলে আশা করছে ক্লাবটি।

৩১ বছর বয়সী মোস্তাফিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩৩১টি ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৪২৩ উইকেট। দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবারই প্রথম খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

তবে টুর্নামেন্টের শুরু থেকেই রেনেগেডসের হয়ে মাঠে নামতে পারবেন না মোস্তাফিজ। আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে দলের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার অপেক্ষায় বেশ রোমাঞ্চিত এই পেসার।

সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে খেলবে রেনেগেডস।

ক্লাবের এক বিবৃতিতে মোস্তাফিজ জানিয়েছেন, রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলতে তিনি মুখিয়ে আছেন। এমসিজিকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পেয়ে সেখানে খেলার অভিজ্ঞতা তার কাছে বিশেষ কিছু হবে বলেও উল্লেখ করেছেন তিনি। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সহায়তা করতে চান বাংলাদেশের এই পেসার।

মোস্তাফিজকে দলে পেয়ে সন্তুষ্ট রেনেগেডসের নতুন কোচ লুক রনকিও। জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশি পেসারের অন্তর্ভুক্তিকে দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন তিনি।

রনকির মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজ একজন পরীক্ষিত ম্যাচজয়ী বোলার। বিশেষ করে পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার দক্ষতা রেনেগেডসের বোলিং আক্রমণকে আরও কার্যকর করে তুলবে।

শেয়ার করুনঃ
Advertisement