নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১০:৫৭, ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফলাফল যা-ই আসুক, তা মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।’ ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, আমরা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারব।’

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ফলাফলে ডেমোক্রেটিক পার্টি এগিয়ে রয়েছে। দলটির ১৪০ জন প্রার্থী জয় পেয়েছেন এবং আরও ৯৭টি আসনে এগিয়ে আছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির ৯৪ জন প্রার্থী জয়ী হয়েছেন এবং ৭০টি আসনে এগিয়ে রয়েছেন।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে।

এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলাফল প্রকাশেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত দলটির ৪৯ জন প্রার্থী জয় পেয়েছেন। বিপরীতে রিপাবলিকান পার্টির জয়ী প্রার্থীর সংখ্যা ৩৮। এ ছাড়া ডেমোক্র্যাটদের তিনজন এবং রিপাবলিকানদের সাতজন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের একটি আসনের ফলাফল তখনো ঘোষণা করা হয়নি।

নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ করার আগ্রহও জানিয়েছেন ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুনঃ
Advertisement