যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ
Published : ১৫:১৯, ৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাঈদ। মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হয়েছেন তিনি। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও একাধিক সংবাদমাধ্যম তাঁর জয় নিশ্চিত করেছে।
প্রদত্ত ফলাফল অনুযায়ী, এল-সাঈদ পেয়েছেন ২২ লাখ ৩৬ হাজার ৮২৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রজার্স পেয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ১৩৩ ভোট। ফলে ২ লাখ ৪৪ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ডেমোক্র্যাট এই নেতা।
মিশিগানের বিদায়ী সিনেটর গ্যারি পিটার্স পুনর্নির্বাচনে অংশ না নেওয়ায় আসনটি নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ ছিল। বিশেষ করে রিপাবলিকানদের আসনটি দখলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এল-সাঈদের জয়ে সেই শঙ্কার অবসান হয়েছে এবং আসনটি ডেমোক্র্যাটদের দখলেই থাকছে।
৪২ বছর বয়সী এল-সাঈদ আগে জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, শ্রমজীবী পরিবারের আর্থিক সুরক্ষা এবং রাজনীতিতে বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রভাব সীমিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রস্তাব ‘মেডিকেয়ার ফর অল’ ছিল তাঁর প্রচারণার অন্যতম প্রধান বিষয়।
অন্যদিকে, ৬৩ বছর বয়সী মাইক রজার্সের রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতাও দীর্ঘ। সাবেক কংগ্রেস সদস্য ও এফবিআইয়ের সাবেক কর্মকর্তা রজার্স নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছিলেন।































