হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:১৩, ১৫ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালীর দক্ষিণাংশে সামুদ্রিক মাইনের আঘাতে দুটি তেলের ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় বাহিনীটি।

আইআরজিসির দাবি, ট্যাংকার দুটি নেভিগেশন ও অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখে নির্ধারিত পথের বাইরে একটি ‘অননুমোদিত রুট’ দিয়ে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

তবে ট্যাংকার দুটির নাম, মালিকানা কিংবা সম্ভাব্য হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্যও পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবারও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী একই ধরনের ঘটনার কথা জানিয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, প্রণালীর দক্ষিণ অংশে অননুমোদিত রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলের ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়ে যায়।

একই সঙ্গে ইরানের মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সঙ্গে সমন্বয় ছাড়া জাহাজ চলাচলের চেষ্টা না করতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করেছে দেশটির নৌবাহিনী।

বৈশ্বিক জ্বালানি সরবরাহে উদ্বেগ
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে এই জলপথে নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এ ঘটনার খবর সামনে এসেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ঘটনা
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। পরবর্তী সময়ে এপ্রিলে দুই পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছালেও জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও আলোচনা ভেস্তে যায়। এর জেরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়।

এ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর নতুন করে সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুনঃ
Advertisement