বাহরাইনে ফের হামলার শঙ্কা, দ্বিতীয় সতর্কতা জারি

বাহরাইনে ফের হামলার শঙ্কা, দ্বিতীয় সতর্কতা জারি প্রতীকী ছবি : বিজনেস ডেইলি গ্রাফিক্স

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:৩২, ১৫ নভেম্বর ২০২৬

বাহরাইনে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দ্বিতীয় দফায় সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৫ নভেম্বর) সকালে দেওয়া এ সতর্কতায় নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এর আগে একই দিন সকালে প্রথম দফায় হামলার সতর্কতা জারি করেছিল বাহরাইন কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো একই ধরনের সতর্কতা দেওয়ায় দেশটিতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজের দাবি, বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে এ দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

হামলার পরিস্থিতির মধ্যে বাহরাইনের উত্তরাঞ্চলের সালমান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান বাহরাইনের রাজধানী মানামাসহ বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির একটি বড় হোটেলও ছিল।

পরবর্তী সময়ে ইরান দাবি করে, মার্কিন সেনারা নিজেদের সামরিক ঘাঁটি ছেড়ে ওই হোটেলে আশ্রয় নিয়েছিলেন।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতে টানা ৪০ দিন পাল্টাপাল্টি হামলার পর পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। যদিও বর্তমানে হামলা বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যেই কয়েক দিনের ব্যবধানে বাহরাইনে নতুন করে হামলার খবর এবং একাধিক সতর্কতা জারির ঘটনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুনঃ
Advertisement