অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহৃত ভয়েস জুড়ে তৈরি একটি বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় অর্থ মন্ত্রণালয় জরুরি সতর্কবার্তা প্রকাশ করেছে।
রোববার (১৬ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ফেসবুকের বিজ্ঞাপন ও প্রচারণায় অর্থ উপদেষ্টার দৃশ্য ব্যবহার করে ভুয়া তথ্যছড়াচ্ছে। এসব কনটেন্টের কোনও অংশই সত্য নয় এবং সম্পূর্ণ ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, বিতর্কিত ভিডিওতে থাকা বক্তব্য, মন্তব্য বা তথ্যে অর্থ মন্ত্রণালয়ের কিংবা অর্থ উপদেষ্টার কোনো জড়িত থাকার সুযোগ নেই। ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে—যেখানে ভয়েস বদলে এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার স্থিরচিত্র সংযোজন করে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড একদিকে উপদেষ্টার ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ণ করছে, অন্যদিকে রাষ্ট্রীয় ভাবমূর্তি নষ্ট করারও আশঙ্কা তৈরি করছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া ভিডিওটি অপসারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও বা সংবাদে বিশ্বাস না করতে এবং সত্যতা যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেনে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া আরও উল্লেখ করা হয়, সময় সময় সামাজিক মাধ্যমে নানা ধরনের ভুয়া ভিডিও, বক্তব্য বা প্রচারণা ছড়িয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তাই প্রতিটি নাগরিকের সচেতন থাকা, যাচাই করে তথ্য গ্রহণ করা এবং গুজব থেকে দূরে থাকার গুরুত্ব অপরিহার্য।































