‘বিদ্যুৎ ও জ্বালানির যেখানেই হাত দেই, সেখানেই দুর্নীতি’

‘বিদ্যুৎ ও জ্বালানির যেখানেই হাত দেই, সেখানেই দুর্নীতি’

নিজস্ব প্রতিবেদক

Published : ১৯:৫০, ২৮ আগস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কর্মীদের দুর্নীতির পথ ছেড়ে সঠিকভাবে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) তিনি পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদফতরের প্রতিনিধিদের সভায় মতবিনিময়কালে এমন মন্তব্য করেন।

তেল দেওয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে জানিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানিখাতে যেখানেই হাত দেওয়া হচ্ছে, সেখানেই দুর্নীতি। পেট্রোবাংলার অধীনে যেসব কোম্পানি আছে, অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেওয়া হবে বলেও জানান তিনি।

পেট্রোবাংলা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতিবাজ সচিব কিংবা উচ্চপদস্থ কেউ কাজে যতই দক্ষ হোন না কেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ছাত্রদের সুযোগ দেওয়া হবে।’

তিনি এ সময় সংস্থা প্রধানদের সম্পদের হিসাবও চেয়ে বলেন, ‘সংস্থা প্রধানদের সম্পদের হিসাব চাইবো, আমরাও আমাদের সম্পদের হিসাব দেবো।’

সুলভমূল্যে গ্যাস সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মতো গ্রাহকসেবা দেখে বিবেচনা করা হবে কতটা সফল বা উন্নতি হচ্ছে এই খাতে। চেনা মুখ দেখে আর আমরা প্রকল্প নেবো না। এক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।

ফাওজুল কবির খান প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে বলেন, বেশি বেশি পাওয়ার প্ল্যান্ট আর বেশি দামে জ্বালানি কেনা নয়, সাধারণ মানুষের সেবা কতটা নিশ্চিত হলো, তার প্রতি গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement