‘শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার হয়ে কারাগারে যাবেন’—চিফ প্রসিকিউটর
Published : ১২:৩৫, ১৩ জুলাই ২০২৬
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বিদ্যমান মৃত্যুদণ্ডের রায়ের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার (১২ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, যদি শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তার নিজ উদ্যোগে বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই। তার ভাষায়, হয় প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে, অথবা অন্য কোনো আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত পাঠানো হতে পারে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার দলীয় নেতাকর্মীরা একসঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন—এ ধরনের বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই। কারণ, তার মতে, তিনি বর্তমানে স্বাধীনভাবে চলাফেরার অবস্থায় নেই।
মো. আমিনুল ইসলাম দাবি করেন, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য হতে পারে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখা বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা।
শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর আপিলের সুযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় ৩০ দিনের পর আপিলের সুযোগ নেই বলে উল্লেখ রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হলে বা তাকে দেশে পাওয়া গেলে প্রথমে তাকে কারাগারে নেওয়া হবে। এরপর তার আপিল করার আইনি সুযোগ রয়েছে কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। যদি আপিল গ্রহণযোগ্য না হয়, তবে বিদ্যমান দণ্ড বহাল থাকবে। আর আপিলের সুযোগ থাকলে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া এগোবে।






























