জলাবদ্ধতা সংকটে প্রশাসনকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ—ত্রাণ, চিকিৎসা ও আইনশৃঙ্খলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে

জলাবদ্ধতা সংকটে প্রশাসনকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ—ত্রাণ, চিকিৎসা ও আইনশৃঙ্খলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৪, ১৩ জুলাই ২০২৬

দেশজুড়ে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থা এবং মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা, সমন্বয় ও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকে বিভিন্ন জেলার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্রের অবস্থা, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

তিনি আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রশাসনের প্রস্তুতি, উদ্ধার কার্যক্রমে বিভিন্ন সংস্থার সমন্বয়, নদ-নদীর পানির স্তর এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা ধীরে ধীরে কমছে। তবে সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

এসব তথ্য পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

 
শেয়ার করুনঃ
Advertisement