তুরাগে সাত নেতাকর্মীর লাশ ভাসার দাবি গুজব, বলছে পুলিশ
Published : ২০:১৪, ২৭ জুন ২০২৬
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি গুজব।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার মতো কোনো ঘটনার তথ্য পুলিশের কাছে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
পুলিশ জনগণকে এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।































