বরিশালে প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর, হাজারো নেতাকর্মীর উচ্ছ্বসিত অভ্যর্থনায় পৌঁছালেন তারেক রহমান
Published : ১২:০২, ১৩ জুলাই ২০২৬
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে তাঁর গাড়িবহর বরিশালের গৌরনদীতে পৌঁছালে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উচ্ছ্বসিত অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বরিশালের প্রবেশদ্বার গৌরনদীতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করতালি ও স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাস থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সফর উপলক্ষে তাঁর ছবি সম্বলিত কোনো স্বাগত তোরণ, ব্যানার বা ফেস্টুন নির্মাণ করা হয়নি।
এর আগে সোমবার ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেও অংশগ্রহণ করবেন তিনি।
পরে বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের শেষভাগে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় রাজনৈতিক অঙ্গনে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।






























