রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার
Published : ১২:২৯, ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাষ্ট্রীয় মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। যে সংসদ ভবনে তিনি দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করে সংসদীয় কার্যক্রম পরিচালনা করেছেন, সেই প্রাঙ্গণেই তাঁকে সমাহিত করা হয়।
রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের টানেলে নামাজে জানাজা শেষে নির্ধারিত স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। শেষ বিদায়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ।
জানাজার আগে ও পরে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব এএসএম বাহাউদ্দিন, জাতীয় সংসদের স্পিকার, বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও অন্যান্য হুইপ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শেষ বিদায়ে সংসদ ভবন চত্বরে ছিল এক আবেগঘন পরিবেশ। সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভানুধ্যায়ীরা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সংসদীয় প্রজ্ঞা, সৌজন্যবোধ, বিনয় এবং গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শনিবার (১২ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।






























