রাত ১০টার পর কিশোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ
Published : ১৮:৪৮, ৯ মার্চ ২০২৬
বান্দরবানে কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান। তিনি ঘোষণা দিয়েছেন, রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেলে তাকে আইনের আওতায় আনা হবে এবং আইনানুগ বিচারের মুখোমুখি হতে হবে।
রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় বান্দরবান পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে তিনি এ কথা জানান।
পুলিশ সুপার বলেন, ‘কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয়, বান্দরবানে সেটি সেই অর্থে বোঝাতে চাওয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, তারা অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে ঠিকভাবে সচেতন নয়।
এই সময়টা তাদের জন্য পড়াশোনা করে নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। যদি এই মূল্যবান সময় নষ্ট হয়, তাহলে তাদের শিক্ষাজীবনে বড় ধরনের ক্ষতি হবে। সবাই বর্তমান শিক্ষামন্ত্রীর আগের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। ভবিষ্যতে অটোপাসের সুযোগ আর থাকবে না, লেখাপড়া করেই পাস করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কিশোরদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যেহেতু তারাবি নামাজ চলছে, তাই নামাজ শেষ হওয়ার পর পুলিশ ৩০ মিনিট সময় অপেক্ষা করবে। এরপর রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় দেখা গেলে তাকে সরাসরি আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হবে।’
অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘নিজের সন্তানের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেবেন না। সন্তানের দায়িত্ব নিজেই নিতে হবে। তারা কোথায় যাচ্ছে, কী করছে, কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে খোঁজ রাখুন।
তাদের পড়াশোনায় মনোযোগী করুন এবং নিয়মিত পড়ার টেবিলে বসতে উৎসাহ দিন। যদি রাত ১০টার মধ্যে সন্তান বাসায় না ফেরে, তাহলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করুন।’
তিনি আরও বলেন, যদি সত্যিই কোনো কিশোর গ্যাং সক্রিয় থাকে, তাহলে তাদের অবশ্যই আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। এ ধরনের অপরাধে জড়িত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।
বিডি/এএন

































