জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে রাষ্ট্রপতির অভিনন্দন
Published : ১২:০৯, ৪ জুন ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের বিজয়কে দেশের কূটনৈতিক অঙ্গনের একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই সাফল্য বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতি।
রাষ্ট্রপতি এ অর্জনের জন্য বর্তমান সরকার, দেশের কূটনীতিকবৃন্দ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রতি যে আস্থা ও সমর্থন প্রদর্শন করেছে, তা দেশের আন্তর্জাতিক মর্যাদা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সব সদস্য রাষ্ট্রের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক কূটনীতিকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে দেশের জন্য নতুন সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়কে দেশের জন্য গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি জাতীয় অগ্রযাত্রায় এ সাফল্যের ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন।































