প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুই অ্যান্ড কোং প্রতিনিধিদলের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুই অ্যান্ড কোং প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল। ছবি: পিএমও

Published : ১২:৪৬, ৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের শীর্ষ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের অনুকূল পরিবেশের কথা তুলে ধরে বলেন, সরকার বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

এ সময় বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সেবা ‘ওয়ান-স্টপ সার্ভিস’ ব্যবস্থার আওতায় নিয়ে আসার উদ্যোগ সম্পর্কেও প্রতিনিধিদলকে অবহিত করা হয়। সরকারের মতে, এই উদ্যোগ বিনিয়োগ কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করবে।

সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

মিতসুই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। প্রতিনিধি দলে আরও ছিলেন চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।

শেয়ার করুনঃ
Advertisement