মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, লালগালিচা সংবর্ধনা

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, লালগালিচা সংবর্ধনা সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, বিজনেস ডেইলি

Published : ২১:২৯, ২১ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণ করে।

বিমান অবতরণের পর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সফরকালে তিস্তা প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত ‘সামার দাভোস ফোরাম’-এ অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

সরকারের মতে, মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement