বাবুল হত্যা মামলায় দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

বাবুল হত্যা মামলায় দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০০, ২০ জুন ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেটকারচালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।

কারাগারে থাকা আরিফ হাসানকে এদিন আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আরিফ হাসান অর্থনৈতিকভাবে সহায়তা প্রদানকারী হিসেবে ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন বলেও তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাহমিনা সুলতানা এর বিরোধিতা করে বলেন, আরিফ হাসান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। একই সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার সঙ্গে তাকে জড়ানো কতটা বাস্তবসম্মত, সে প্রশ্নও তোলেন তিনি।

প্রতিরক্ষা আইনজীবী আরও জানান, আরিফ হাসান হৃদরোগে আক্রান্ত এবং তার হার্টে রিং পরানো রয়েছে। একের পর এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হলে তা তার প্রতি অবিচার হবে বলেও দাবি করেন তিনি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে আরিফ হাসানকে মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় ১৮ জুলাই উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন প্রাইভেটকারচালক বাবুল। পরে তাকে উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত বছরের ২২ জুলাই নিহত বাবুলের স্ত্রী বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৭ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আরিফ হাসানকে আটক করা হয়। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে দায়ের করা অন্তত নয়টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়।
 

 
শেয়ার করুনঃ
Advertisement