বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ :ডেপুটি স্পিকার

বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ :ডেপুটি স্পিকার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪১, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে এক নোটিশের আলোচনার ফাঁকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এটিকে একটি অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি জানান, ওই ঘটনায় নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে এবং সংসদেও এর জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।

ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করেন। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে অভিনেত্রীর সক্রিয় ভূমিকার কারণেই এই হামলার শিকার হতে হয়েছে তাকে।

এদিকে এ ঘটনায় শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি সরকারের দায়িত্বশীল মহলের নজরে এসেছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ভেনিসে বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে সরকার।

শেয়ার করুনঃ
Advertisement