‘মৃত্যু ছাড়া সরাতে পারবে না’: ঘোষণার কয়েক ঘণ্টা পরই মারা গেলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম
Published : ১২:১৯, ৮ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যু ছাড়া কেউ তাকে নির্বাচন থেকে সরাতে পারবে না—এমন দৃঢ় ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেছেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনভর নিজ ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে ব্যাপক গণসংযোগ করার পর রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বা শারীরিক অসুস্থতায় তিনি মারা যান।
সোমবার দিনভর হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নিজের প্রার্থিতার জানান দিয়ে গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন। এ সময় গুঞ্জন ছিল যে তিনি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, “আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।”
গণসংযোগ শেষ করে রাত ৯টার দিকে তিনি বাড়ি ফেরেন। এরপর রাত ১২টার দিকে হঠাৎ শরীরে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও ছিলেন। মঙ্গলবার ফজর নামাজের পর স্থানীয় মসজিদের মাইকে তার মৃত্যুর সংবাদ প্রচার করা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

































