ইতিহাস গড়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুললেন সান্ধু

ইতিহাস গড়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুললেন সান্ধু ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১২:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

নারীদের এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে হংকংয়ের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। পাকিস্তানি স্পিনার নাশরা সান্ধুর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে হংকংয়ের বিপক্ষে ৭২ রানের বড় জয় পেয়েছে তারা। বল হাতে মাত্র ৭ রান খরচ করে ৬ উইকেট শিকার করে নতুন এক ইতিহাস গড়েছেন সান্ধু।

এর আগে ভারতের কাছে বড় ব্যবধানে হারের স্মৃতি নিয়ে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন শাওয়াল জুলফিকার। এ ছাড়া আয়েশা জাফর ২৬ এবং অধিনায়ক ফাতিমা সানা ২৪ রান করেন। হংকংয়ের হয়ে জয়লিন কৌর একা ৪টি উইকেট শিকার করে পাকিস্তানকে কিছুটা চাপে ফেলার চেষ্টা করেছিলেন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে হংকং। ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক ফাতিমা সানা প্রথম উইকেট তুলে নেন এবং পরের ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার। এরপর আক্রমণে এসেই ভেল্কি দেখান স্পিনার নাশরা সান্ধু। ইয়াসমিন দাসওয়ানি ও ক্যারি চ্যানের জুটি গড়ার ক্ষুদ্র প্রয়াস দ্রুত ভেঙে দেন তিনি। মাত্র চার বলের ব্যবধানে জোড়া উইকেট শিকার করে হংকংয়ের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন সান্ধু।

৪০ রানে ৫ উইকেট হারিয়ে ধসে পড়া হংকংয়ের ইনিংসে ত্রাস ছড়িয়ে যান এই বাঁহাতি স্পিনার। ১৩তম ওভারে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেও তা হাতছাড়া হয়, তবে ওই ওভারেই নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের মাইলফলক পেরিয়ে ৬ উইকটে শিকার করেন সান্ধু। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে এই ৬ উইকেট নেওয়ার মধ্য দিয়ে এটি এখন পাকিস্তানি নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার।

সান্ধুর বিধ্বংসী স্পিনের সামনে অসহায় হংকং ১৯ ওভারে মোটে ৭১ রানে গুটিয়ে যায়। এই জয়ে ৭২ রানের বড় ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল পাকিস্তান। শেষ চারে তাদের প্রতিপক্ষ হিসেবে লড়বে শক্তিশালী শ্রীলঙ্কা। অন্যদিকে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ভারতের সেমিফাইনালের প্রতিপক্ষ কে হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement