ত্রয়োদশ জাতীয় সংসদ: গঠিত হলো চার গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি, সভাপতি মাহবুব উদ্দিন খোকন

ত্রয়োদশ জাতীয় সংসদ: গঠিত হলো চার গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি, সভাপতি মাহবুব উদ্দিন খোকন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৬, ৮ সেপ্টেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করতে চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির বিধান অনুযায়ী সংসদ-নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

নবগঠিত এই কমিটিগুলোর মধ্যে অন্যতম—সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন (মাহবুব উদ্দিন খোকন)। কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধি অনুযায়ী গঠিত আট সদস্যের এই কমিটিতে আরও রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জাহিদুর রহমান, শাহ মো. ওয়ারেশ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবুল আলম, নূরুন্নিসা সিদ্দীকা এবং জি এম নজরুল ইসলাম।

এদিকে সংসদের অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটিগুলোর নেতৃত্বে যারা এসেছেন:

কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি: ১২ সদস্যের এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: ১০ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

পিটিশন কমিটি: নাগরিকদের বিভিন্ন পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য গঠিত ১০ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদের এই গুরুত্বপূর্ণ কমিটিগুলোর মাধ্যমে দেশের নীতিনির্ধারণী ও তদারকি কার্যক্রম আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement