ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় ধরে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে সরকার. আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই তিন মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকেও এতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় জানানো হয়, শুধু মশকনিধনের ওপর ভরসা না রেখে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিতে হবে। মাঠপর্যায়ে স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে যুক্ত করে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করা হবে।

কর্মসূচির রূপরেখা অনুযায়ী:

মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা এই কার্যক্রমের সমন্বয় করবেন।

উপজেলা পর্যায়ে স্থানীয় কার্যক্রমের দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

পরিচ্ছন্নতা অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবক, স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।

প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করবেন।

মাঠপর্যায়ের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement