রোমাঞ্চকর লড়াই দিয়ে শুরু ইউসিএল: রাতে মাঠে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি

রোমাঞ্চকর লড়াই দিয়ে শুরু ইউসিএল: রাতে মাঠে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১২:১০, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপের সেরা ক্লাব ফুটবলের রোমাঞ্চকর আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের পর্দা উঠছে আজ রাতেই। উদ্বোধনী দিনেই হাইভোল্টেজ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে আতিথ্য দেবে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরে কিছুটা চাপে রয়েছে 'লস ব্লাঙ্কোসরা'। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস ও আক্রমণভাগের নিষ্প্রভ পারফরম্যান্সের পর বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ এটি। এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের ত্রয়ীর ওপরই মূল ভরসা রাখছেন কোচ। তবে ইন্টার মিলানের জমাট তিন ডিফেন্ডারের রক্ষণব্যূহ ভাঙা এবং তাদের গতি কাজে লাগোনোই হবে রিয়ালের মূল চ্যালেঞ্জ।

অন্যদিকে, দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাদ্রিদে পা রাখছে ইন্টার মিলান। সিরি ‘আ’-তে নাপোলির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে দুর্দান্ত জয় নিয়ে মাঠে নামছে তারা। লাউতারো মার্তিনেজ ও মার্কাস থুরামের ফর্ম দারুণ স্বস্তিতে রাখছে ইতালিয়ান ক্লাবটিকে। শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় নিয়ে রিয়াল ছন্দে থাকলেও, ইন্টারও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত (চার জয় ও এক ড্র)।

যদিও চ্যাম্পিয়নস লিগে সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে স্পষ্ট এগিয়ে রিয়াল মাদ্রিদ। দুই দলের শেষ চার সাক্ষাতেরই সবকটিতে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। ২০২১ সালের ডিসেম্বরে সবশেষ দেখায় বার্নাব্যুতে ২-০ গোলে জিতেছিল তারা। তবে বর্তমান ফর্ম ও শক্তির বিচারে এবারের লড়াইটি বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, একই রাতে চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে পর্তুগালের ক্লাব পোর্তোর মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুনঃ
Advertisement