জিএম কাদেরের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদকের কর্মকর্তা নিয়োগ

জিএম কাদেরের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদকের কর্মকর্তা নিয়োগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় সাবেক নেতা গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে জিএম কাদেরের সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা এবং একজন তদারককারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে।

দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি। এই অনুসন্ধানের অংশ হিসেবে জিএম কাদেরের মূল সম্পদ বিবরণী ফরম ও সংশ্লিষ্ট সংযুক্তিসহ ১২ পৃষ্ঠার নথি অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। দুদকের বিশেষ তদন্ত শাখার ইআর নং-২৩৫/২৬-এর আওতায় এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাণিজ্য, দলের পদ বিক্রি এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল দুদক। তারই ধারাবাহিকতায় এবার তার দাখিল করা সম্পদ বিবরণী আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই শুরু হলো।

শেয়ার করুনঃ
Advertisement