ঐশীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক করলেন অভিনেত্রী

ঐশীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক করলেন অভিনেত্রী ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৭:৩১, ২৯ অক্টোবর ২০২৬

মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর পরিচয় ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা সামনে এসেছে। ওই অ্যাকাউন্ট থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে অ্যাকাউন্টটি সত্যিই ঐশীর কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে বিষয়টি পরিষ্কার করে নিজের নামে থাকা ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঐশী জানান, তাঁর ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নেই। তাঁর নামে থাকা এটিই একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। এর বাইরে অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই।

অভিনেত্রী জানান, ভুয়া অ্যাকাউন্টটি থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তাঁদের কেউ কেউ তাঁর সঙ্গে যোগাযোগও করেছেন।

এ পরিস্থিতিতে ওই অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ না করা এবং সেখান থেকে পাঠানো কোনো বার্তার জবাব না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐশী। পাশাপাশি অ্যাকাউন্টটি রিপোর্ট করার অনুরোধও করেছেন তিনি। ভুয়া অ্যাকাউন্টটি শনাক্ত করে তাঁকে সতর্ক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করুনঃ
Advertisement