‘কাউকে ছাড় দেওয়া হয়নি, সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করা হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

‘কাউকে ছাড় দেওয়া হয়নি, সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করা হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩২, ২৯ অক্টোবর ২০২৬

কাউকে ছাড় দেওয়া হয়নি, এমনকি সংসদ সদস্যের সন্তান হলেও তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ শনাক্ত করা, গ্রেপ্তার, তদন্ত এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে পুলিশ সফলভাবে কাজ করছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে উল্লেখ করে তিনি জানান, পুলিশের মধ্যে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে।

‘দুষ্টের দমন, সৃষ্টের পালন’ নীতি অনুসরণের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব ভালোভাবে পালনকারীদের পুরস্কৃত করা হচ্ছে। অন্যদিকে, কোনো পুলিশ সদস্য অপরাধে জড়ালে, বেআইনি কর্মকাণ্ড করলে বা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রেও শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকটি আইন সংশোধন এবং নতুন আইন প্রণয়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তার মতে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টি এতে প্রতিফলিত হলেও জনগণের প্রত্যাশা পূরণে আরও কাজ করতে হবে।

উপনির্বাচনের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, তার পাওয়া তথ্য অনুযায়ী ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন অফিসের বরাতে প্রায় ৩০ শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। দেশে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরে দলটি ফিরবে না। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে দলটির বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড এবং গণঅভ্যুত্থানের সময় সহিংসতার অভিযোগ তোলেন।

মন্ত্রী আরও বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০-এর বেশি এবং সরকারের হিসাব অনুযায়ী ২ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন বলে তাদের দাবি। তিনি অভিযোগ করেন, এসব ঘটনার জন্য আওয়ামী লীগ ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের জঙ্গিবাদী হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির ফিরে আসার বিষয়ে সরকার বিচলিত নয় এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। কেউ দেশে ফিরলে বা আইনের আওতায় এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement