শ্রীমঙ্গলে জমি বিরোধে শাবানা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজন খালাস
Published : ১৬:২৪, ২৯ অক্টোবর ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে শাবানা নামের এক নারীকে হত্যার মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবানা নামের ওই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের স্বাভাবিক মৃত্যু হয়। বাকি আসামিদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড, দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
দীর্ঘ ১০ বছর ধরে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ রায় আসে। দীর্ঘদিন ধরে আলোচিত মামলাটির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুল মতিন চৌধুরী বলেন, জমিজমা এবং বাড়ির পাশে থাকা ড্রেন দিয়ে পানি যাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাবানাকে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রায় দিয়েছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।
































