তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল
Published : ১১:৪২, ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। সেটি তাহসিফের কি না, তা যাচাই করছে সংস্থাটি।
শুক্রবার সকালে পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া যায়।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় এসেছিলেন তাহসিফ সাউরী।
তাহসিফ নিখোঁজ হওয়ার আগে বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।
পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, দীপকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান। তবে দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করছে পিবিআই।
পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করতে চান না তিনি।
অন্যদিকে, পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় নৌ পুলিশকে তদন্তে সহায়তা করছে পিবিআই।


































