দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রভাব বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Published : ১৯:১৩, ১০ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে যেকোনো প্রভাবশালী দুর্নীতিবাজের বিরুদ্ধে নিরপেক্ষ ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান উদ্যোগ এবং দায়িত্ব পালনের চ্যালেঞ্জগুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দুর্নীতি দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে সহযোগিতা কামনা করেন। এ সময় প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান।
দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতি আজ দেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশেই দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে। দুদককে সম্পূর্ণ সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করার তাগিদ দিয়ে তিনি গুরুতর দুর্নীতির ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ জোর দেন।
এছাড়াও, দীর্ঘদিনের বিপুলসংখ্যক বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি এবং মামলার দীর্ঘসূত্রিতা কমানোর নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও বাড়াতে হবে। একই সঙ্গে কমিশনকে তাদের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।



























