আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য থেকে শুরু করে টেন্ডার এবং উন্নয়ন প্রকল্পে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও চার দেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযোগে বলা হয়েছে, দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে। এসব অর্থ দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে বিলাসবহুল ভিলা কেনা এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, আসিফ মাহমুদের দুই বোন জামাই ও এক ভাগ্নের মাধ্যমে অর্থ পাচারের এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডার বাণিজ্যের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ওই অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি বাণিজ্য, কেনাকাটায় সিন্ডিকেটসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

দুদক সূত্র জানিয়েছে, নতুন করে পাওয়া অভিযোগগুলোর বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের কাজ চলছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ
Advertisement