জুলাই গণ-অভ্যুত্থান মামলার রায়ের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

জুলাই গণ-অভ্যুত্থান মামলার রায়ের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশপথের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানান, কারা ককটেল নিক্ষেপ করে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ মোট সাতজন।

গত ১৮ আগস্ট মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। পরে ১৪ সেপ্টেম্বর আদালত ১৫ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

নির্ধারিত দিনেই সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। এর কিছু সময় পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেয়ার করুনঃ
Advertisement