ইউপি নির্বাচনের তফসিল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Published : ১৪:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই নির্বাচন কমিশন সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের সঙ্গে আলোচনা করার কথা।
মীর শাহে আলম বলেন, ‘তফসিল নিয়ে সরকার কিছুই জানে না। পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি।’
এ সময় সাংবাদিকেরা প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে আমি এতটুকুই বললাম, প্রশ্ন নেব না। প্রশ্ন নিলে প্যাচ লাগে।’



























