রোনালদোর আল নাসরের নতুন বিশ্বরেকর্ড, টানা ৯৪ লিগ ম্যাচে গোল

রোনালদোর আল নাসরের নতুন বিশ্বরেকর্ড, টানা ৯৪ লিগ ম্যাচে গোল ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৬:২৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি প্রো লিগে টানা ৯৪ ম্যাচে গোল করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে গোল করে ৮৭ বছর ধরে টিকে থাকা রিভার প্লেটের রেকর্ড ভেঙে দিয়েছে সৌদি ক্লাবটি।

আল নাসরের এই রেকর্ডযাত্রা শুরু হয় ২০২৩ সালের ৮ ডিসেম্বর। সেদিন আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পর সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করেছে দলটি।

গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর গোলের মাধ্যমে আল নাসর টানা ৯৩ ম্যাচে গোল করার কীর্তি গড়ে রিভার প্লেটের রেকর্ড স্পর্শ করে।

এরপর আল খালিজের বিপক্ষে ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তাঁর গোলেই দলটির টানা গোলের সংখ্যা দাঁড়ায় ৯৪ ম্যাচে। এর মাধ্যমে ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩ লিগ ম্যাচে গোল করা রিভার প্লেটের রেকর্ড ছাড়িয়ে যায় আল নাসর।

রিভার প্লেটের সেই ঐতিহাসিক দলটি ফুটবল ইতিহাসে ‘লা মাকিনা’ নামে পরিচিত। ১৯৩৬-৩৯ সালের ওই ধারায় আর্জেন্টাইন ক্লাবটি ৯৩ ম্যাচে গোল করেছিল।

রেকর্ড গড়ার এই যাত্রায় আল নাসরের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রোনালদো। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই দলটির গোল করার ধারাবাহিকতায় বড় ভূমিকা রেখে আসছেন পর্তুগিজ তারকা।

তবে সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে দীর্ঘ গোলের ধারার রেকর্ড এখনো অন্য দলের দখলে। ঘরোয়া লিগ ও কাপ মিলিয়ে রিভার প্লেটের ৯৬ ম্যাচে গোল করার কীর্তি এখনও অক্ষত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement